ইতিহাসের সামনে বাংলাদেশ, প্রথম প্রতিপক্ষ সান মারিনো

দেশের ফুটবলে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ৫ জুন ইউরোপের ছোট রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর মাটিতে, যা বাংলাদেশের জন্য প্রথম ইউরোপ সফর। এর মাধ্যমে ইউরোপের মাটিতে খেলার নতুন অভিজ্ঞতা অর্জন করবে দলটি।

এই ম্যাচটি দুই দলের জন্যই ঐতিহাসিক। বাংলাদেশ প্রথমবার কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হবে, আর সান মারিনো খেলবে তাদের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান দলের বিপক্ষে।

দুই দেশের ফুটবল সংস্থাই ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের ফুটবল সম্পর্ক আরও দৃঢ় করবে।