আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক

রবিবার সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত । বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী।” বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। তিনি জানান, পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ সময় সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ উন্নয়ন ও অবকাঠামো খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরো সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।