আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’
দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি। আজ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এবং এর পরিবেশক বঙ্গজ ফিল্মস।

বঙ্গজ ফিল্মস জানিয়েছে, আজ থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসল-সহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়াও আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ছবিটি।

উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।মুক্তির পর থেকেই দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে ছবিটি। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়।