আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের র্যালি

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার, ন্যায়বিচার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকালে জেলা শহরের বেলেপুকুর এলাকা থেকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক জাহাংগীর আলম, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ ও আরইসিপি অফিসার রাহাত ইকবাল মাহমুদ, স্মার্ট প্রকল্পের এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার, আল মামুন শাহ, আব্দুল মোত্তালেবসহ অন্যরা।
এছাড়াও র্যালিতে স্মার্ট প্রকল্পের বিভিন্ন এলাকার নারী সদস্য, উদ্যোক্তা ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলেন্ট ট্রান্সফরমেশন প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজকরা জানান, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “রাইটস জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা সবার মাঝে পৌঁছে দিতে র্যালিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নারীর প্রতি বৈষম্য দূর করা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়ন করা জরুরি। নারী উন্নয়নের জন্য সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা নানা উদ্যোগ গ্রহণ করলেও এখনও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। এসব সমস্যা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, নারীরা এখন শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীর ক্ষমতায়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানিয়েছে আয়োজকরা। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।