আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। প্রায় সাড়ে সাত বছরের ক্যারিয়ারের ইতি টেনে ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, তিনি ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে কোচিং ও মেন্টরিংয়ে যুক্ত থাকবেন। জিম্বাবুয়ে জাতীয় দলের বিপক্ষে ২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। পরের বছর ওয়ানডে দলে সুযোগ পেয়ে অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। ওয়ানডেতে দ্রুতই দলের ভরসার ব্যাটসম্যান হয়ে ওঠেন ডুসেন। ৭১ ম্যাচে ৫০.১৩ গড়ে ২৬৫৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি সংস্করণে ৫৭ ম্যাচে তার সংগ্রহ ১৪০৬ রান, স্ট্রাইক রেট ১২৮.৭৬। আর টেস্টে ২০১৯ সালে অভিষেকের পর ১৮ ম্যাচে করেছেন ৯০৫ রান, আছে ৬টি অর্ধশতক। সর্বোচ্চ ৯৮ রানের ইনিংসটি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে নিজের মাঠ ওয়ান্ডারার্সে। অবসরের ঘোষণায় ডুসেন বলেন, ‘গর্ব ও কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করেছে।’ তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে ক্রিকেট ছিল তার জীবনের অংশ। ভাইদের সঙ্গে বড় হওয়া এবং সেই পরিবেশই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ডুসেনের ক্যারিয়ারে রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস তার অন্যতম সেরা পারফরম্যান্স। এ ছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়কত্বও করেন তিনি।