আজ শুরু সুপার এইটের লড়াই

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল অস্ট্রেলিয়া। অথচ তারাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় দলগুলোর চোখে চোখ রেখে দারুণ লড়াই করেছে ছোট দলগুলোও। জমজমাট সেই লড়াই শেষে এখন সবার নজর সুপার এইট পর্বে। সেরা আট দলের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে আজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে কিউইরা। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জয় পাওয়া তিন ম্যাচেও নিজেদের সেরাটা খেলতে পারেনি নিউজিল্যান্ড। একই চিত্র ছিল পাকিস্তানের ক্ষেত্রেও। ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেলেও ভারতের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি।

তাই আজ পাকিস্তান ও নিউজিল্যান্ড—দুই দলই খুঁজবে নিজেদের সেরা ছন্দ। সুপার এইট শুরু হওয়ার দিনে সেমিফাইনালে কোন চার দল জায়গা করে নেবে, তা নিয়েও চলছে আলোচনা। সুপার এইট পর্ব ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপে সবচেয়ে বড় চমক জিম্বাবুয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে উঠেছে তারা।