আজ চকলেট ডে: মিষ্টি উপহারে ভালোবাসার প্রকাশ

ভ্যালেন্টাইন সপ্তাহের আজ তৃতীয় দিন। আজ উদযাপিত হচ্ছে চকলেট ডে—যেখানে মিষ্টি স্বাদের মাধ্যমে অনুভূতির প্রকাশই হয়ে ওঠে প্রধান আকর্ষণ।চকলেট উপহার দেওয়ার রীতি নতুন নয়। ভিক্টোরিয়ান যুগ থেকেই নারী-পুরুষ একে অপরকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতেন। জানা যায়, ব্যবসায়ী রিচার্ড ক্যাডবেরি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রথমবার বিশেষভাবে হার্ট-শেপড বক্সে চকলেট বিক্রি শুরু করেন। তার এই উদ্যোগই ধীরে ধীরে চকলেট উপহার দেওয়ার ঐতিহ্যে পরিণত হয়, যা আজ বিশ্বজুড়ে জনপ্রিয়।

গবেষণায় দেখা গেছে, চকলেট খেলে মস্তিষ্কে ‘ফিল-গুড’ হরমোন নিঃসৃত হয়, যা মানুষকে আনন্দিত করে। তাই প্রিয় মানুষকে চকলেট উপহার দেওয়া মানে শুধু উপহার দেওয়া নয়, বরং তার মুখে হাসি ফোটানোর একটি সহজ উপায়।

চাইলেই প্রিয়জনকে কেনা চকলেট উপহার দিতে পারেন। আরও স্পেশাল ব্যাপার হবে যদি, নিজেই চকলেট বানাতে পারেন। অনলাইনে সহজেই পাওয়া যায় নানা ধরনের চকলেট তৈরির রেসিপি। সেখান থেকে একটি সহজ রেসিপি বেছে নিয়ে নিজের হাতে তৈরি করে ফেলতে পারেন চকলেট। নিজের হাতে বানানো উপহার সবসময়ই বেশি আন্তরিকতার প্রতীক, যা আপনার প্রিয়জনের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজন হতে পারে চকলেট-থিম পার্টিও :
চকলেট ডে উদযাপনকে আরও আনন্দময় করতে আয়োজন করতে পারেন ছোট একটি চকলেট-থিম পার্টি। পার্টির মেন্যুতে রাখতে পারেন চকলেট কেক, ব্রাউনি, চকলেট ড্রিংক, কিংবা বিভিন্ন ফ্লেভারের চকলেট। বন্ধু-স্বজন কিংবা প্রিয় মানুষকে নিয়ে এমন আয়োজন দিনটিকে করে তুলবে আরও বিশেষ।
চকলেট ডে শুধু একটি দিন নয়, এটি ভালোবাসা প্রকাশের মিষ্টি উপলক্ষ। একটি ছোট্ট চকলেটও কখনো কখনো বড় অনুভূতির ভাষা হয়ে উঠতে পারে।