আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ
আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী মঙ্গলবার থেকে ফুয়েল লোডিং শুরু হচ্ছে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগস্ট মাস নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। ফকির মাহবুব আনাম আরও জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। বিদ্যুৎকেন্দ্রটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গভাবে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং বা জ্বালানি স্থাপনের কাজ শুরু হবে। ওই বছরে সেপ্টেম্বরে রূপপুরের দুটি ইউনিট থেকে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বড়ো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা প্রকল্পের কাজ দ্রুততম সময়ে শেষ করতে নিরলস কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।