আইপিএলের মধ্যেই মা হারালেন চেন্নাইয়ের পেসার

আইপিএলের চলতি আসরে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। ধোনিকে ছাড়াই টুর্নামেন্টে শুরুর পর ব্যাট-বলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে ছয় ম্যাচের মধ্যে দুই হারের স্বাদ পেয়েছে চেন্নাই। এর মধ্যে বাঁ-হাতি পেসার এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্যাটসম্যান আয়ুষ মাত্রে। পরবর্তীতে খলিল আহমেদের অনুপস্থিতিতে দলে জায়গা করে নেন মুকেশ চৌধুরী। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে তার মা প্রেম দেবীকে হারিয়েছেন। এক বছর ধরে অসুস্থতা থাকার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে মুকেশের মায়ের মৃত্যুতে সিএসকে পরিবার শোক প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছে চেন্নাই সুপার কিংস। তারা এই কঠিন সময়ে মুকেশ ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। দৈনিক ভাস্করের খবর অনুযায়ী, মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে রাজস্থানের ভিলওয়ারায় নিজ শহরে ছুটে গেছেন মুকেশ।
এই বাঁহাতি পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরের ম্যাচটি খেলতে পারবেন না। তার পরিবর্তে চেন্নাই ম্যানেজমেন্ট অভিজ্ঞ নিউজিল্যান্ডার বোলার ম্যাট হেনরিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।এছাড়াও পাঁচবারের চ্যাম্পিয়নদের তিন নম্বরে আয়ুষ মাত্রের বিকল্প খুঁজে বের করতে হবে। মাত্রের জায়গার জন্য উরভিল প্যাটেল এবং কার্তিক শর্মার মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে।
টানা প্রথম তিনটি ম্যাচ হারের পর, সঞ্জু স্যামসন এবং বোলারদের সৌজন্যে চেন্নাই দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ায় চেন্নাই। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তারা বড় ব্যবধানে হেরে যায়। আজ মুম্বাইয়ে এল ক্লাসিকোতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলোয়াড়দের ফর্মে ফিরবেন বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।