আইএলও’র গভর্নিং বডির সভায় যোগ দিতে ঢাকা ছাড়লেন শ্রমমন্ত্রী


সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির সভায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও জেনেভায় যাবেন বলে জানা গেছে।

আজ সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় তার জেনেভা পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।