আইএমএফের চাপে তেলের দাম বাড়ানো হয়নি অর্থমন্ত্রী

আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন কেন তেলের দাম বাড়ানো হচ্ছে না বা বাড়ানো হয়েছে কি না, সরকারের তহবিলের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। এসব বিবেচনায় বৈশ্বিক পরিস্থিতির আলোকে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এর সঙ্গে আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই। ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা খাত নিয়ে দাতা সংস্থাদের আগ্রহের জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো ঋণ নেবে না সরকার। মেনে নেয়া হবে না চাপিয়ে দেয়া কোন শর্ত। আইএমএফ-এর সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে এবং বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।