অস্থির সোনা-রূপার বাজার, সকালে-বিকেলে কমছে দাম

অস্থির সোনা ও রূপার বাজারে সকালে–বিকেলে দফায় দফায় কমছে দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে মূল্যবান এ ধাতুর দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। একই সঙ্গে রূপার দামও ৯৩৩ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড সৃষ্টি করে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ২ লাখ ০১ হাজার ০৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আজ সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২ লাখ ০৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে সকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ০৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩১৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গতকাল (০১ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ০৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ০৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়। এদিকে সোনার পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ০৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৭৪৭ টাকা কমিয়ে ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।