অভিষেক-ঐশ্বরিয়ার ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। ২০০৭ সালের ২০ এপ্রিল এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে তারা কন্যা আরাধ্যাকে নিয়ে সুখী পরিবার গড়ে তুলেছেন। বিশেষ এই দিনে অভিষেকের পুরোনো এক সাক্ষাৎকারও আলোচনায় এসেছে, যেখানে তিনি তাদের প্রথম দেখা এবং সম্পর্ক শুরুর স্মৃতিচারণ করেন। শুটিংয়ের কাজে সহকারী হিসেবে সুইজারল্যান্ডে থাকার সময় এক বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় অভিষেক ও ঐশ্বরিয়ার। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে, এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, তার কাছে বিয়ে মানে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস। এই বোঝাপড়ার কারণেই সিদ্ধান্ত নিতে তাদের খুব বেশি সময় লাগেনি বলেও উল্লেখ করেন তিনি। বছরের পর বছর ধরে বচ্চন পরিবারের ভেতরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও অভিষেক একাধিকবার জানিয়েছেন, ঐশ্বরিয়া তার বাবা-মায়ের কাছে নিজের মেয়ের মতোই হয়ে উঠেছেন। একটি পুরোনো অনুষ্ঠানে দাম্পত্য জীবনের টানাপোড়েন প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, তাদের মধ্যেও মতের অমিল হয়, তবে তা স্বাভাবিক। তিনি আরও জানান, ঝগড়ার পর তিনিই আগে এগিয়ে গিয়ে ক্ষমা চান এবং দ্রুত বিষয়টি মিটিয়ে ফেলতে পছন্দ করেন।