৯০০তম গোল তবুও বিদায় মেসির ইন্টার মায়ামির

বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। যদিও তার দল ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে। ন্যাশভিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অ্যাওয়ে গোলের সুবাদে তারা বাদ পড়ে।
১৮ মার্চ ম্যাচের মাত্র সাত মিনিটে গোল করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে ৭৪তম মিনিটে ন্যাশভিলের ক্রিস্টিনা এসপিনোজা সমতা ফেরান। এর ফলে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ১-১। ম্যাচের বাকি সময় মিয়ামিকে আটকে রেখে টেনেসির দলটি অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
মেসির গোলের পর যে ম্যাচটি উদযাপনের রাত হওয়ার কথা ছিল, সেটাই মিয়ামির জন্য হয়ে যায় হতাশার। এটি ছিল ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ক্লাবটির শেষ ম্যাচ। ২০২৩ সালে ফ্লোরিডায় যোগ দেওয়ার পর থেকে মেসির এমএলএস চ্যাম্পিয়নদের হয়ে গোলসংখ্যা দাঁড়ালো ৮১।
আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে ৬৭২টি, পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে ১১৫টি গোল করেছেন।
৯০০তম গোলটি আসে তার পেশাদার ফুটবলের প্রথম গোলের প্রায় ২১ বছর পর। ২০০৫ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ে তিনি প্রথম গোলটি করেছিলেন।
ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত মেসি এখনো পেছনে ফেলতে পারেননি চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে, যার ক্যারিয়ার গোলসংখ্যা বর্তমানে ৯৬৫।