২৪ ঘণ্টা পর স্বাভাবিক দূরপাল্লার বাস চলাচল

রাজশাহী ও নাটোরের বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবার শুরু হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার দুপুর পৌনে ২টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এর প্রভাব পড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকেও দূরপাল্লার বাস চলাচলে।
একদিন পর বুধবার দুপুরে সংশ্লিষ্ট জেলাগুলোর বাস মালিকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে সমঝোতা হওয়ায় পুনরায় বাস চলাচল শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাস টার্মিনালের টিকিট কাউন্টার মাস্টারদের সংগঠন ‘ঢাকা কোচ মাস্টার সমিতি’র সাধারণ সম্পাদক এবং দেশ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জের ম্যানেজার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।