হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে মোস্তাফিজ-ইমনদের পিএসএল শুরু

শিরোপা ধরে রাখার মিশনে চ্যাম্পিয়ন দলের মতোই নতুন পিএসএল শুরু করল লাহোর কালান্দার্স। এই টুর্নামেন্টের নতুন দল হায়দরাবাদ কিংসমেনকে উদ্বোধনী ম্যাচে রীতিমতো উড়িয়েই দিল মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল রাতের ম্যাচে কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে কালান্দার্স। আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় গত আসরের চ্যাম্পিয়নরা। জবাবে ১৩০ রানে গুটিয়ে যায় এবারই প্রথম পিএসএল খেলতে আসা কিংসমেন।

বাংলাদেশের দুই ক্রিকেটারের মধ্যে ইমনের অত বেশি ভালো কাটেনি প্রথম ম্যাচ। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ১৩ বলে ১৪ রান করেন তিনি। আর ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কালান্দার্সের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৩৯ বলের ইনিংসে ১০টি চার মারেন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ১৯ বলে ৩০ রানের ইনিংস।

তিন নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি আব্দুল্লাহ শফিক। এরপর ক্রিজে গিয়ে মার্নাস লাবুশেনের বলে একটি ছক্কা মারেন ইমন। তবে পরের ওভারে রিলে মেরেডিথের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।

পরে ঝড় তোলেন হাসিবউল্লাহ খান ও সিকান্দার রাজা। মাত্র ১০ বলে ২৪ রান করেন রাজা। আর ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন হাসিবউল্লাহ। ইনিংসের শেষ দুই বলের জন্য ক্রিজে গিয়ে দুইটি ছক্কা মেরে দেন শাহিন শাহ আফ্রিদি।

কিংসমেনের পক্ষে ২টি করে উইকেট নেন মেরেডিথ ও হাসান খান। রান তাড়ায় একবারের জন্যও জয়ের সুযোগ তৈরি করতে পারেনি পিএসএলের নবাগত দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক লাবুশেন, সাইম আইয়ুব করেন ১৯ রান। স্বীকৃত ব্যাটারদের সবাই হতাশ করলে বড় পরাজয় সঙ্গী হয় কিংসমেনের। কালান্দার্সের হয়ে ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, হারিস রউফ ও সিকান্দার রাজা।