হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজের পিছু হটার ভিডিও প্রকাশ করল আইআরজিসি

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ভিডিওতে দাবি করা হয়েছে, প্রণালির পূর্ব অংশে আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলো সেখান থেকে সরে যায়। রবিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে। আইআরজিসি আরও দাবি করে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, এ ধরনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সঠিক নয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আগের দাবিও তারা নাকচ করেছে, যেখানে বলা হয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রণালিতে প্রবেশ করে অভিযান চালিয়েছে।