সৌদি আরবে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম বানাবে পাকিস্তান

সৌদি আরবের জেদ্দায় একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভবিষ্যতে এই ভেন্যুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। লাহোরে অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে পাকিস্তানের বাইরে ক্রিকেট সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিসিবি সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ অনুমোদন করেছে। এই উদ্যোগের মাধ্যমে জেদ্দায় একটি পূর্ণাঙ্গ ক্রিকেট অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সৌদি আরব সফর করেন এবং দেশটির প্রিন্স সৌদ বিন মিশাল আল-সাউদের সঙ্গে বৈঠক করেন। সেই সময়ই সৌদি আরবে ক্রিকেট উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে সহযোগিতার বিষয়টি সামনে আসে। বর্তমানে সৌদি আরবে বিপুল সংখ্যক ভারত ও পাকিস্তানি প্রবাসী থাকায় দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। ২০২০ সালে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন গঠনের পর স্থানীয় পর্যায়ে ক্রিকেট কার্যক্রম আরও সংগঠিত হয়। সৌদি আরব ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ লাভ করে এবং ২০১৬ সালে সহযোগী সদস্যের মর্যাদা অর্জন করে।