সিনেমার প্রচারে ছেঁড়া-ফাটা পোশাক পরে অক্ষয় 


সিনেমা মুক্তির আগে ‘মেথড ড্রেসিং’ এখন বলিউডে বেশ জনপ্রিয় ট্রেন্ড। চরিত্র বা ছবির থিম অনুযায়ী সাজপোশাক বেছে নিয়ে প্রচারে হাজির হন তারকারা। তবে এবার সেই ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করলেন অক্ষয় কুমার।

আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র প্রচারে সোমবার একেবারে আলুথালু, ছেঁড়া-ফাটা পোশাকে দেখা গেল তাকে।

পরনে ছিল ছেঁড়া কোট-শার্ট, মুখে অগোছালো দাড়ি। পুরো লুকটাই ছিল চমকে দেওয়ার মতো। এমন হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠানে অক্ষয়ের এই ব্যতিক্রমী উপস্থিতি দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই।
পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে অবশ্য নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় অক্ষয় বলেন, ‘ভূতেরাই আমাকে সাজিয়েছে!’ তার এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে।

পরে অবশ্য আসল কারণও জানান তিনি। ছবির হরর-কমেডি থিমের সঙ্গে মিল রেখেই এই বিশেষ লুক নিয়েছেন বলে জানান অভিনেতা।
ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। দীর্ঘদিন পর আবারও এই পরিচালক-অভিনেতা জুটি একসঙ্গে কাজ করছেন, যা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

‘ভূত বাংলা’-র গল্প মঙ্গলপুর নামের এক রহস্যময় গ্রামকে কেন্দ্র করে। সেখানে বিয়ে মানেই ভয়। কারণ বিয়ের সানাই বাজলেই নাকি অশুভ শক্তির আবির্ভাব ঘটে! এক প্রাচীন প্রাসাদে বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক যৌথ পরিবার কী ভয়ংকর ও অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়, সেই নিয়েই এগিয়েছে ছবির কাহিনি। হাসি, ভয় আর রহস্যের মিশেলে তৈরি এই ছবিটি আগামী ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।