সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব প্রয়াত সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাই দর্পণ পরিবারের উদ্যোগে কোরআনখানি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় দৈনিক চাঁপাই দর্পণ কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে স্মরণসভায় আলোচনায় অংশ নেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহা. জোনাব আলী, চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফান ও রাকিবুল ইসলাম বাবু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য আলহাজ সামশুল হক, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সদস্য ফারুকা বেগম। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য মো. আনিসুর রহমান, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সাংবাদিক মো. আসাদুল্লাহ, আবুল বাসার মিলনসহ দর্পণ পরিবারের সদস্যরা। স্মরণসভায় মরহুম সরদার সরাফত আলীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত থাকাকালীন সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মিডিয়াকর্মীদের সাথে সখ্যতাসহ বিভিন্ন উন্নয়ন ও সামাাজিক কর্মকাণ্ডে মরহুমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন আলোচকরা।
দোয়া মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাসান মোহাম্মদ ইসহাক। স্মরণসভায় বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার ১২ জন হাফেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে দৈনিক চাঁপাই দর্পণ’র সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত এরফান আলী, দর্পণ পরিবারের প্রয়াত দুই সদস্য— অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট আবুল কাশেম, দর্পণ পরিবারের সদস্য অ্যাডভোকেট ইয়াসমীন সুলতানা রুমার পিতা প্রয়াত অ্যাডভোকেট সামসুল হক, রাকিবুল ইসলাম বাবুর পিতা প্রয়াত মো. রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১২ মার্চ ঢাকা মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনকালে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সরদার সরাফত আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, ফরিদপুর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।