সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতারী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সরকারি শিশু পরিবার (বালিকা)-এ এই আয়োজন করা হয়। এরফান গ্রুপের সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থাপনায় ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে নিবাসী শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন অতিথিরা। এ সময় তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, ইউনিট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক শফিউর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং রেড ক্রিসেন্টের ইউএলও মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এরফান গ্রুপের এ মহতী উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা রমজানের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এতিমখানা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে শিশুদের মাঝে ইফতার পরিবেশন করেন। অতিথিরা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।