সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম জাতীয় ভাষণ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়  তিনি ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে বাসস জানায়।  এর আগে আজ সকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বৃক্ষরোপণ করেন। সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এরপর দুপুর ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাদের বড় ছেলে এবং দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন  নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা।  শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন তিনি। প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।  গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।