শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামরা

চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং মোকাবিলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ ও প্রশিক্ষণ-২০২৬’ চলছে।
সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে গত রবিবার থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ শেষ হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে আলোচনা করেন— জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, সদর থানার নারী ও শিশু বিষয়ক ডেস্কের কর্মকর্তা এসআই রোক্সি খাতুন, এসএসবিসি প্রকল্পেরর ব্যবস্থাপক উত্তম মন্ডল, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
এর আগে গত শনিবার আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মো. আব্দুল কাদের।
গত দুই দিনের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলার লক্ষ্মীপুর জামে মসজিদের খতিব মো. এখলাসুর রহমান।
বক্তারা শিশুদের সুরক্ষায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন— আপনারা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ও সম্মানিত মানুষ, আপনাদের নেতা মানা হয়, আপনাদের কথা মানুষ শোনে এবং মানে। কাজেই আপনারা মসজিদে নামাজের সময় মুসল্লিদের সচেতন করবেন। তাহলে অনেকাংশে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে।