শিবগঞ্জে কৃষককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

oplus_0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কৃষককে মাদকদ্রব্য দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কৃষকের মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মিজানুর রহমান মিজান, টোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন হারুন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার ভিডিপির মোবারকপুর ইউনিয়ন টিম লিডার শামশুল হকসহ অন্যান্যরা।

ভুক্তভোগী কৃষক বিকাশ কুমার দাসের স্ত্রী দীপালি রাণী দাস অভিযোগ করে বলেন, তার স্বামী একজন সাধারণ কৃষক, যিনি জমিতে কাজ করে এবং গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। গত ২৪ এপ্রিল অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার স্বামীকে আটক করে।

তিনি আরও দাবি করেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ এবং পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও তার স্বামীর মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ষড়যন্ত্রের মাধ্যমে নিরীহ কৃষককে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীর মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।