শিবগঞ্জে আমবাগানে যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে শিহাব আলী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার চণ্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জাপানি ভাষা শিখছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার বিকেলে চণ্ডিপুরের একটি আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক শাকিল হাসান জানান, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।