শিবগঞ্জে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ গভীর রাতে অভিযান দুটি পরিচালনা করে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন। বিজিবি’র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে সোনামসজিদ বিওপি’র টহল দল অভিযান চালালে, এসময় আলীম নামে এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। আটক আলীম শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে একই রাতে পৃথক আরেক অভিযানে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিওইন ট্যাবলেট জব্দ করে চকপাড়া বিওপি টহল দল। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।