লিটনের সঙ্গে কী কথা হয়েছিল মনে নেই সালমানের

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সেই বিতর্কিত রান আউট ঘিরে মিরপুরের মাঠে তৈরি হয়েছিল চরম উত্তেজনা। আউটের সিদ্ধান্ত আসার পর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের বেশ কয়েক দফা বাক্যবিনিময় হতে দেখা যায়। বিশেষ করে উইকেটকিপার লিটন কুমার দাসকে বেশ ক্ষুব্ধ ভঙ্গিতে সালমানের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল। তবে ম্যাচ শেষে সেই তিক্ততা ভুলে শান্ত মেজাজেই ধরা দিলেন পাক অধিনায়ক। ঘটনাটি ঘটে যখন রান আউটের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন চলছিল। শুরুতে সালমান বিষয়টি কিছুটা হালকাভাবে নিলেও আম্পায়ার আউটের সংকেত দেওয়ার পর তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মিরাজের আন্ডারআর্ম থ্রোতে আউট হওয়া মেনে নিতে না পেরে সালমান মাঠেই মেজাজ হারান। সে সময় লিটন কুমার দাস, সাইফ হাসান ও আফিফ হোসেনের সঙ্গে তাকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। লিটন দাসের আগ্রাসী ভঙ্গি সে সময় পরিস্থিতির পারদ আরও বাড়িয়ে দিয়েছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটনের সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, তা জানতে চাওয়া হলে হাসিমুখেই উত্তর দেন সালমান। তিনি বলেন, “সত্যি বলতে, লিটনকে ঠিক কী বলেছিলাম তা এখন আর মনে করতে পারছি না। এটাও মনে নেই যে সে আমাকে কী বলছিল। তবে এটুকু নিশ্চিত, আমি যেমন ভালো কিছু বলিনি, সে-ও খুব একটা ভালো কিছু বলেনি। তবে ওটা স্রেফ ‘হিট অব দ্য মোমেন্ট’ ছিল। এখন আমরা দুজনেই ঠিক আছি।” মাঠে হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মেরে মেজাজ হারানোর বিষয়টি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন সালমান। তিনি মনে করেন, মাঠের প্রচণ্ড উত্তেজনার কারণেই এমনটা ঘটেছে। তার ভাষায়, ‘ঘটনার পরে কী হয়েছে তা সবাই দেখেছে। মুহূর্তের উত্তেজনায় অনেক কিছুই ঘটে যায়। তবে এরপর যা হয়েছে, সবটুকুই ওই সময়ের পরিস্থিতির কারণে। এটাকে বড় করে দেখার কিছু নেই।’ মাঠের লড়াই শেষে পাকিস্তান বড় জয় পেলেও মিরাজের রান আউট এবং লিটন-সালমানের সেই বাদানুবাদ ক্রিকেটপ্রেমীদের মাঝে এখনো আলোচনার খোরাক জোগাচ্ছে।