র‌্যাবের অভিযান : গোমস্তাপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১টি ওয়ানশুটার পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার রাত ১০টায় উপজেলার রহনপুর আড্ডা সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, শনিবার র‌্যাবের একটি টহল দল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে টহল দল জানতে পারে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে আমগাছের গোড়ায় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। সংবাদটি পেয়ে টহল দল শনিবার রাত ১০টায় সেখানে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে ২টি তলোয়ার, ১টি ভাঙা কাঠের বাঁটসহ রামদা, ১টি স্টিলের বাঁটসহ বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের বাঁটসহ ডেগার, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ানশুটার পিস্তল, ২টি খালি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা লুকিয়ে রেখেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেল। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র গোমস্তাপুর থানায় জমা করা হয়েছে বলেও র‌্যাব জানায়।