রাজশাহীর বাগমারা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। তবে এই ঘটনায় কেউ আটক হননি। র‌্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাগমারা থানার বইকুড়ি সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৫-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেবে বলেও জানানো হয়।