রাজশাহীর বাগমারায় ১২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী জেলার বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), রাজশাহী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে ২০২৬) রাত ১১টার দিকে বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২৬০ বোতল অ্যালকোহল মাদকদ্রব্যসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগমারা উপজেলার ধানগাছি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে বাগমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দকৃত মাদকদ্রব্য তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলেও জানান।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।