মার্কিন অবরোধের মধ্যেই ২৪ ঘণ্টায় হরমুজ পার হলো ২০ জাহাজ

মার্কিন অবরোধ খুব একটা কাজে আসছে না। এখনও হরমুজ প্রণালি চলছে ইরানের কথেতেই। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। সংবাদপত্রটির তথ্য অনুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, শুকনো পণ্যবাহী জাহাজ এবং কন্টেইনার ক্যারিয়ার রয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা গেছে যে, প্রণালিটি অতিক্রম করার সময় বেশ কিছু জাহাজ তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) যন্ত্রটি বন্ধ করে রেখেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর তেহরানসহ ইরানের প্রধান শহরগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েল এবং বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। একইসঙ্গে ইরান ঘোষণা করে যে, হরমোজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী কোনো দেশের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন প্রতিনিধি দলের পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় কোনো দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বলে দুই পক্ষই নিশ্চিত করেছে। আলোচনার এই ব্যর্থতার পর গত ১৩ এপ্রিল থেকে ইরান অভিমুখে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।