ভোলাহাটে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও অর্থ বিতরণ

ভোলাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানের মাধ্যমে গরিব, অসহায় ও দুঃস্থ ১’শ ৮ জনকে শাড়ি ও ৭২ জনকে দুই হাজার করে টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে বলেছিলাম আমি প্রার্থী হয়েছিলাম জামায়াতে ইসলামী থেকে কিন্তু যদি নির্বাচিত হতে পারি তাহলে সকল মানুষের জন্য কাজ করবো। আপনাদের অধিকারের একটি পয়সাও আমার পকেটে নিবো না। আপনাদের জন্য কোনো বরাদ্দ আসলে আপনারাই পাবেন। আমি অবৈধভাবে ভোগ করবো না। যারা সহযোগীতা পাওয়ার প্রকৃতি হকদার তাদেরকে বাছাই করে এখানে নিয়ে এসেছি। পরিবর্তিতে আরো যত অনুদান আসবে দুঃস্থ মানুষ যারা পাওয়ার হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে শামসুজামান আলকেসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী, তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক ক্বারী মাওলানা আলাউদ্দিন, ভোলাহাট থানার এসআই কামাল উদ্দিনসহ অন্যরা।