ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৪

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৪ যাত্রী মারা গেছেন। আজ ভোররাতে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, এদিন ভোরের দিকে যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানার জাগিট্যাল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কি কালিগিরির উদ্দেশে যাচ্ছিল। এ সময় মারকাপুরম এলাকায় উল্টো দিক থেকে আসছিল নুড়ি বোঝাই একটি ট্রাক। সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে যায়। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত উদ্ধার কাজ চালায়। এরপর অগ্নিদগ্ধ বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ট্রাকের চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে অন্তত ৩৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে একাধিক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও কয়েকজন যাত্রী মারা যান। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মারকাপুরাম জেলার পুলিশ সুপার ভি হর্ষবর্ধন রাজু জানিয়েছেন, ‘আমরা ২৩ জন মানুষকে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ সন্ধানে প্রচেষ্টা চলছে।’

মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।