বাংলাদেশকে উড়িয়ে শিরোপা জিতল ভারত

সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ছন্নছাড়া খেলায় বড় ব্যবধানে হার মানল বাংলাদেশ। শনিবার নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আলপি-তৃষ্ণাদের ৪-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো এককভাবে ট্রফি জিতে নেয় ভারত। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের কাছে ২–০ ব্যবধানে হারের মধুর প্রতিশোধ ফাইনালেই নিল ভারত। এর আগে বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় দুইবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২১ সালে বাংলাদেশ ১–০ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। আর ২০২৪ সালে সেই আলোচিত ‘টস কাণ্ড’-এর পর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। নেপাল এই প্রথম অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করল। রাউন্ড রবিন লিগে নিজেদের জাল অক্ষত রেখে ১৮ গোল করে তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে শুরুটা ছিল সাবধানী। রাউন্ড রবিনে একমাত্র হারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারতও ছিল সতর্ক-ফলে ম্যাচের শুরুটা ছিল ধীরগতির। দ্বিতীয় মিনিটেই ভারতের ফরোয়ার্ড বিপজ্জনক হয়ে উঠলে গোলরক্ষক ইয়ারজান পোস্ট ছেড়ে বেরিয়ে এসে জোরালো শটে দলকে বিপদমুক্ত করেন।
১৬তম মিনিটে বক্সের বাইরে আলবা দেবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সুরভি আক্তার আফরিন। আভিস্তা বাসনেতের নেওয়া ফ্রি-কিক সরাসরি ইয়ারজানের হাতে ধরা পড়ে। ম্যাচে প্রাণ ফেরে ৪২তম মিনিটে। বাম দিক থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের রক্ষণভাগ। দূরের পোস্টে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মন বল পেয়ে শট না নিয়ে বাড়িয়ে দেন ঝুলান নংমাইথেমকে। ভারত অধিনায়ক সহজেই ইয়ারজানকে পরাস্ত করে লিড এনে দেন। চলতি আসরে এটাই ছিল বাংলাদেশের প্রথম গোল হজম। বিরতির পর সমতাসূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৫২তম মিনিটে তৃষ্ণা সুবর্ণ সুযোগ পেলেও একা গোলরক্ষকের সামনে বল বাইরে মারেন। সুযোগ নষ্ট করে হতাশায় বক্সেই বসে পড়েন তিনি। ৬২তম মিনিটে এলিজাবেথ লাকরার সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। আক্রমণ প্রতিহত করতে গিয়ে ইয়ারজান পোস্ট ছেড়ে বেরোলেও বলের নাগাল পাননি। আলভা দেবি বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে প্রতিমা মুন্ডার হালকা স্পর্শে বক্সে পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।বাংলাদেশ ৬৮তম মিনিটে তৃতীয় গোল হজমের পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। অর্পিতার ব্যাক-পাস ক্লিয়ার করতে সময় পেয়েও দেরি করেন ইয়ারজান। চাপের মুখে নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে এলে পার্ল ফার্নান্দেস আলতো টোকায় জালে জড়িয়ে দেন বল। ৮৩তম মিনিটে সতীর্থের কাটব্যাকে আনভিতা কোনাকুনির নিখুঁত শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। তাতেই নেপাল থেকে ট্রফি নিয়ে ফেরার স্বপ্ন ভেঙে যায় পিটার জেমস বাটলারের শিষ্যদের। ফাইনালের হতাশাজনক পারফরম্যান্সে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে, আর ইতিহাস গড়ে প্রথমবারের মতো এককভাবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ন হলো ভারত।