বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়নের কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা-সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে আজ সকালে পলশাতে অবস্থিত রেডিও মহানন্দা-র অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন ও শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় বিষয়ে বক্তব্য দেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক। এছাড়াও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-০১-এর শাখা ব্যবস্থাপক মোহন কুমার পাল। কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন সিএমও জেনারেল কৃষিবিদ ওবাইদুল বারি।
প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, কৃষি সেচকাজে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা। এ লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহিত করবে।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ২০ জন সিসিএজি সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং খরা-সহনশীল কৃষি কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান স্থাপন, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।