প্রথমবারের মত লিসবন মাতাবেন রক তারকা জেমস

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আসছে এক বিশেষ সংগীত আয়োজন। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।
আয়োজক সূত্রে জানা গেছে, লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভো-তে বিকেল ৫টা থেকে শুরু হবে জমকালো এই আয়োজন। জেমস তাঁর কালজয়ী সব গান পরিবেশন করে দর্শকদের স্মরণীয় এক সংগীত সন্ধ্যা উপহার দেবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা জানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।
কনসার্ট উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় করবে। একই সঙ্গে প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।
দেশের সংস্কৃতি ও সংগীতকে কাছে পেতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই কনসার্টটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।