পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৮০ হাজার প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেয়ার সুযোগ পেয়েছে। ভোট দিতে আগ্রাহী প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ আগেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা পোস্টাল ব্যালট হাতে পেয়ে ভোটদান সম্পন্ন করে ব্যালট বাংলাদেশে পাঠানো শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোট প্রদান সম্পন্ন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ থেকে এ তথ্য জানা যায়। প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন। প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।এর মধ্যে দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।