পিএসএলে প্রথম ম্যাচেই একাদশে মুস্তাফিজ-ইমন

এবারের পাকিস্তান সুপার লিগ-পিএসএল এ বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। তিনটি ভিন্ন দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন। এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মুস্তাফিজ ও ইমনের।

মুস্তাফিজ সরাসরি চুক্তিতে লাহোরে খেলছেন। পরে নিলামে ডাক পান ইমন। দুজনকে একাদশে নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নেমেছে স্বাগতিকরা। ব্যাটিং অর্ডারে চার নম্বরে আছেন ইমন। তাকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মুস্তাফিজ। বল হাতে হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির সেঙ্গ পেস বিভাগ সামলাবেন বাঁহাতি পেসার। এই ম্যাচে টস জিতেছে তাদের দল এবং ব্যাটিংয়ে নেমেছে।

নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল ও তামিমকে। এ ছাড়া রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। তারা ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় দেশের হয়ে খেলতে তারা ফিরবেন। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি ম্যাচ। মুস্তাফিজ ২৪ এপ্রিল পিএসএলের বাকি অংশ খেলার জন্য পাকিস্তানে ফিরবেন।

লাহোর একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, হাসিবুল্লাহ খান, সিকান্দার রাজা, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, মুস্তাফিজুর রহমান, উবাইদ শাহ।