নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক অ্যামেলিয়া

নারী ক্রিকেটের তরুণ অলরাউন্ডার অ্যামেলিয়া কারকে সব সংস্করণের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। তিনি সোফি ডিভাইনের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন সোফি ডিভাইন। এছাড়া টি-টোয়েন্টির অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ এই তারকা।

২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত ৮৪ ওয়ানডে ও ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন অ্যামেলিয়া। ওয়ানডেতে তার রান ২ হাজার ৩০৪, গড় ৪১.১৪ ও উইকেট নিয়েছেন ১০৬টি। টি-টোয়েন্টিতে ১ হাজার ৪৫৩ রান করেছেন ১০৯.৭৪ স্ট্রাইক রেটে, সঙ্গে ৯৫ উইকেট নিয়েছেন মাত্র ৬.০৯ ইকোনমি রেটে। তিনি ইতিমধ্যেই দেশের তৃতীয় সর্বকালের শীর্ষ উইকেট শিকারী এবং চতুর্থ সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক।

চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেওয়ার মধ্যে দিয়ে কারে নতুন দায়িত্ব শুরু হতে যাচ্ছে। এর আগে ভারপ্রাপ্ত দায়িত্বে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন অ্যামেলিয়া।

দায়িত্ব পাওয়ার পর দেওয়া এক বিবৃতিতে অ্যামেলিয়া বলেন, ছোটবেলা থেকে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে বড় হয়োিছ। দেশের অধিনায়কত্বের সুযোগ পাওয়া একটি বিশাল সুযোগ। অধিনায়কত্ব আমাকে বদলে দেবে না। আমি যেমন ছিলাম, তেমনই থাকব। দলকে নেতৃত্ব দিতে এবং দেশের জন্য সাফল্য আনতে সবটুকু দিয়ে চেষ্টা করব। ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বের সাফল্য চোখে পড়ার মতো। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমের সুপার স্ম্যাশ টুর্নামেন্টে ওয়েলিংটন ব্লেজকে চ্যাম্পিয়ন করেছেন অ্যামেলিয়া।