নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া টিআইবি-সনাক’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলাতেও পৃথক আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমীন মিতু, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানসুর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ম্যানেজার শ্যামল কস্তা, অদম্য নারী সুমাইয়া ইসলাম।
এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে পৌরসভা থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনা বিদ ইমরান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে টিআইবি-সচেতন নাগরিক কমিটি সনাক। ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’’ প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাকের জেন্ডার উপকমিটির আহ্বায়ক মো. এনামুল হক, সনাক সদস্য গোলাম ফারুক মিথুন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, আশার এরিয়া ম্যানেজার মো. শফিকুল ইসলামসহ অন্যরা।
দিবসটি উপলক্ষে অংশীজনের বিবেচনার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন সনাক সদস্য ড. দীপালী রাণী দাস। দাবিগুলো হচ্ছে— নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো মজবুত করাসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। রাজনৈতিক ও নির্বাচনী পুঁজি হিসেবে অর্থ, পেশী, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের সংখ্যা ৫০ থেকে ১০০তে উন্নীত করতে হবে এবং পর্যায়ক্রমে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ব্যয় বহনের বিধান প্রণয়ন করতে হবে। নারী অধিকার রক্ষা ও তদারকির জন্য একটি স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠন করা ইত্যাদি।
এছাড়া নারী দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। র‌্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলমসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় র‌্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আমনুরা কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম।
এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। সূচনা বক্তব্য দেন— উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম।

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমির শিক্ষক পারুল খাতুন, ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্রাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মী মিতালি পাড়ে।