নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে মতবিনিময় করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন, শুধু একদিনের উদ্যোগ নয়—সুস্থ থাকতে হলে হাসপাতালসহ নিজেদের আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতালের কর্মচারী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।