নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। রোববার (১৫ ফেব্রুয়ারি) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন না। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে পাঠানোর সিদ্ধান্ত ইসলামাবাদ এখনো জানায়নি। এছাড়া ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। এদিকে, ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা। তিনি অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথগ্রহণ করতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।