টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে দুর্দান্ত ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজ টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকেই সুপার এইটে উঠেছে। ইতালির বিপক্ষে ৪২ রানের জয়ে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে শাই হোপের দল। ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং (৪) ও সিমরন হেটমায়ার (১) দ্রুত বিদায় নিলে ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা।

সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। ৪৬ বলে ৭৫ রানের মারকুটে ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। রস্টন চেজ করেন ২৫ বলে ২৪ রান, আর শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ ও ম্যাথিউ ফোর্ডের ৮ বলে অপরাজিত ১৬ রানে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ইতালির হয়ে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে নেন দুটি করে উইকেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইতালি। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। জে জে স্মাটস ২৭ বলে ২৪ এবং বেন মানেন্তি ২১ বলে ২৬ রান করলেও অন্যরা বড় ইনিংস গড়তে পারেননি।

শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ নেন ৪টি এবং ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট।

টানা চার জয়ে গ্রুপপর্ব শেষ করে দারুণ ছন্দে সুপার এইটে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ।