চাঁপাইনবাবঞ্জে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার দায়ে এক ব্যাক্তির ২৫ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি লিচু বাগানের উপরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার দায়ে ফারুক হোসেন নামে এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় অর্ধশত বিভিন্ন প্রজাতির মৃত পাখি ও একটি জীবিত ‘মাছরাঙ্গা’ পাখি উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, রাজশাহীর একটি টিমের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর লাহাপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৃত পাখিগুলি মাটিচাপা দেয়া হয় এবং জীবিত পাখিটি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদ বলেন, ২০২৬ সালের বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) অদ্যাদেশের একাধিক ধারায় অর্থদন্ড আরোপ করে তাৎক্ষনিক আদায় করা হয়। সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাষ্টিট্রেট ইকরামুল হক নাহিদ।