চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক-কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামে, সালিশ বৈঠককে কেন্দ্র করে অন্তত: অর্ধশতার্ধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় মোজাফফর আলীসহ দুই ব্যক্তি আহত হন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।