চাঁপাইনবাবগঞ্জে নির্বচানী সামগ্রী বিতরণ ও কেন্দ্রে প্রেরণ
চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসনের কেন্দ্রসমূহে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে সকল উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বুঝে নেন প্রিজাইডিং অফিসার সহ কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা। বিকেল পর্যন্ত সামগ্রী বিতরণ চলে। সামগ্রী গ্রহণের পর সংশ্লিস্টরা নিজ নিজ কেন্দ্রের পথে বিভিন্ন যানবাহন যোগে রওনা হন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুম জানান, ভোটগ্রহণ সামগ্রী প্রথমে সকল উপজেলায় পাঠানো হয়। আজ উপজেলা থেকে সেগুলো জেলার ৫১৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রেরণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তারাখা হচ্ছে।
তিনি আরো জানান, জেলার সকল কেন্দ্র সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ১১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য বডিওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। জরুরী পরিস্থিতি মোকাবেলায় কি করা হবে তার পরিকল্পনা রয়েছে। মহড়াও করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি ভাল।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, চরের কেন্দ্রের নির্বাচনী মালামাল প্রথমে বিতরণ করা হয়েছে। সেনাসহ সকল বাহিনীর মধ্যে নিরাপত্তা সমন্বয় করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন সশস্ত্র ও ২ জন নিরস্ত্র পুলিশ এবং ১৬ জন আনসার সহ ১৯ জন নিরাপত্তা কর্মী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও সকল বাহিনীর স্ট্রাইকিং ও ভ্রাম্যমান টিম কাজ করছেন বলেও জানান তিনি।