চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে জ্বালানি তেল সরবরাহে সম্ভাব্য সংকট নিয়ে আলোচনা করা হয় এবং এ পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলে সেচ দেওয়ার জন্য বর্তমানে ৯ হাজার ১২৮টি নলকূপ চালু রয়েছে। তাই ডিজেল সরবরাহের ক্ষেত্রে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেন তিনি, যাতে বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত না হয়।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, তার উপজেলায় জ্বালানি তেলের ক্ষেত্রে কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আপাতত এক্সকাভেটর পরিচালনা বন্ধ রাখা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, সংকটকালীন সময়ে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পেট্রোল পাম্প সর্বোচ্চ ২ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখতে পারবে। এর বেশি মজুত রাখলে মোবাইল কোর্টের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খোলাবাজারে অবৈধভাবে তেল বিক্রি বন্ধে কঠোর নজরদারি থাকবে।

পাম্পে তেল নেওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কৃষকদের জন্য আপৎকালীন কৃষি কার্ড প্রদানের সুপারিশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) একরামুল হক।

এদিকে যানবাহনের চাপ ও যানজট কমাতে শিবগঞ্জ উপজেলার পাম্প মালিকরা একদিনে সব পাম্পে তেল সরবরাহ দেওয়ার অনুরোধ জানান।

সভায় সংকটকালীন সময়ে সবাইকে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাশিদুল হাসান, পদ্মা ওয়েল পিএলসির রাজশাহী অঞ্চলের মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম ইয়াসিন, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের সিনিয়র বিক্রয় কর্মকর্তা আসাদুজ্জামান সাকিবসহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিকরা।