চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রেডিও উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে| জেলার পিছিয়ে পড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়| মঙ্গলবার বিকেলে পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|

বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’ এ উৎসবের আয়োজন করে| রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা গ্রাম আদালতের জেলা ম্যানেজার শফিকুর রহমান, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী এবং আদিবাসী জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন|

দিনব্যাপী এই উৎসবে ছিল নানা আয়োজন| সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| বিকেলে শিক্ষার্থী ও অতিথিরা সচেতনতামূলক বইয়ের স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন| পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে গম্ভীরা অনুষ্ঠিত হয় এবং গ্রাম আদালত বিষয়ক গান পরিবেশিত হয়| এছাড়াও গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা গ্রামীণ বিচারব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে|

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে ও ¯^ল্প খরচে সহজেই বিচার পাওয়া সম্ভব, যা এখনো অনেক গ্রামীণ মানুষ জানেন না| প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ বলেন, রেডিও মহানন্দা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়| তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে|
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গ্রাম আদালতের সুবিধাগুলো গ্রামের অনেক মানুষ এখনো জানেন না| তোমরা নিজেদের পরিবার ও আশপাশের মানুষদের এ বিষয়ে সচেতন করবে|”
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, “গ্রামের অনেক মেয়ে এখনো বাল্যবিয়ের শিকার হচ্ছে| এ সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে| পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে কম খরচে বিরোধ নিষ্পত্তির বিষয়টিও সবার কাছে তুলে ধরতে হবে|”
জেলা গ্রাম আদালতের ম্যানেজার শফিকুর রহমান তার বক্তব্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন|

সভাপতির সমাপনী বক্তব্যে আলেয়া ফেরদৌস বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে জেন্ডার সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করা| তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং সহজে বিচারপ্রাপ্তির পথ সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
অনুষ্ঠানের শেষপর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| এতে বিভিন্ন এলাকা থেকে আগত নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে|