চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০৩ জন ডায়রিয়ায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না। মাঝে দুয়েকদিন কিছুটা কমলেও পরে আবার বেড়ে যাচ্ছে। ফলে প্রতিদিন গড়ে ৭০ থেকে শতাধিক মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জেলা হাসপাতালে ৭০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন।