চাঁপাইনবাবগঞ্জে অসাধু উদ্দ্যেশে অকটেন মজুদের দায়ে দোকানিকে অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি মুদি দোকানে অসাধু উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া গ্রামের মকবুল হোসেনের মুদি দোকান এবং দোকান সংলগ্ন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানকালে ছদ্মবেশে ওই দোকনে তেল কিনতে গেলে দোকানি অকটেনের মূল্য প্রতি লিটার ২৭০ টাকা দাবি করেন। এছাড়াও অভিযানে দোকানির বাড়ি তল্লাশী করেও অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও চড়া মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
পরে দোকানির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করে। এছাড়া জব্দ ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ নির্ধারিত কোডে চালানের মাধ্যমে, সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া, সদর থানা পুলিশের সহযোগীতায় এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ইকরামুল হক নাহিদ অভিযানটি নিশ্চিত করে বলেন, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।